পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভের আগে তাঁর বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার লাহোরে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পিটিআইয়ের পাঞ্জাব শাখা।
লাহোর জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন দাবি করেছে, কোনো জনসমাগমস্থলে তাঁর উপস্থিতি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে পিটিআই। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এটিকে ‘জাস্টিস মার্চ’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শনিবার বলেছেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেবে। একই সময়ে রাজধানীতে পিটিআই কর্মী-সমর্থকদের ধরপাকড় ও বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতিও জোরদার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আলিমা খানকে গ্রেপ্তারের ঘটনায় ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে ‘অত্যন্ত ঘৃণ্য’ বলে মন্তব্য করে বলেন, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ নিয়ে সরকারের উদ্বেগের প্রভাব এ ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে।
এর আগে পিটিআই অভিযোগ করেছিল, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভকে সামনে রেখে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালানো হচ্ছে। ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পাঞ্জাবের বিভিন্ন জেলায় দলটির শতাধিক কর্মী ও নেতাকে আটকের দাবি করেছে পিটিআই।
পাকিস্তানে ইমরান খান দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তাঁর মুক্তির দাবিতে পিটিআই ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। দলটির পক্ষ থেকে কর্মসূচিটিকে শান্তিপূর্ণ মিছিল হিসেবে তুলে ধরা হলেও সরকার এটি ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে।
আলিমা খানকে আটকের বিষয়ে পাকিস্তান সরকারের মুখপাত্র ও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
রেডিওটুডে নিউজ/আনাম

