মারা গেছেন সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

মারা গেছেন সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
মারা গেছেন সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে।

সোমবার তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই খবর জানানো হয়। তবে মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি জন্মদিন উদযাপন করেছিলেন মায়ঙ্ক। হঠাৎ এই মৃত্যুসংবাদে শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, সহপ্রতিযোগী ও শুভানুধ্যায়ীদের শোকবার্তায় ভরে গেছে টাইমলাইন।

পরিবারের বিবৃতিতে বলা হয়, “একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা—মায়ঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।”

তাঁর স্মরণে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত সাঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ফিটনেস জগতে মায়ঙ্ক ছিলেন সুপরিচিত নাম। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ের বিরল কৃতিত্ব তাঁর ঝুলিতে।

তবে বৃহত্তর দর্শকের কাছে তিনি পরিচিতি পান ‘স্প্লিটসভিলা’-এর সপ্তম আসরে অংশ নেওয়ার মাধ্যমে। শোতে তাঁর শান্ত স্বভাব, শৃঙ্খলাবোধ ও প্রতিযোগিতামুখী মনোভাব দর্শকদের নজর কাড়ে। বাদ পড়ার মুহূর্তটি ছিল সেই সিজনের অন্যতম আবেগঘন দৃশ্য—উপস্থাপক সানি লিওন ও নিখিল চিনাপা তাঁকে জড়িয়ে ধরে বিদায় জানিয়েছিলেন।

মাত্র ৩৭ বছর বয়সে এমন আকস্মিক প্রয়াণ ফিটনেস অঙ্গন ও বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের