পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অনুষ্ঠিত ‘স্মার্ট কন্ট্রোল’ সামরিক মহড়ায় প্রথমবারের মতো সায়াদ-৩জি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ভূমিভিত্তিক সায়াদ-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৌ-সংস্করণ ‘সায়াদ-৩জি’ যুদ্ধজাহাজ ‘শহীদ সায়াদ শিরাজী’ থেকে উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১৫০ কিলোমিটার বলে দাবি করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষের ভাষ্য, এটি শহীদ সোলাইমানি শ্রেণির যুদ্ধজাহাজগুলোর জন্য আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে সক্ষম।
তিন দিনব্যাপী এ মহড়া ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শনিবার শেষ হয়। এর আগে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার অংশ হিসেবে ইরান আকাশসীমার বড় অংশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং অনেক সংস্থা বিকল্প রুট ব্যবহার শুরু করে।
ইরানের এই সামরিক তৎপরতার পর যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান পরিচালনাকারীদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে। ওয়াশিংটনে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে সম্ভাব্য চুক্তি বা সামরিক পদক্ষেপ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত স্পষ্ট হবে বলে জানান। তিনি সতর্ক করে বলেন, তেহরান থেকে কোনো হুমকি এলে তা মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই মহড়া শক্তি প্রদর্শনের অংশ হতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

