সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী ১২ মার্চ প্রথম সংসদ অধিবেশন আহ্বান করতে রাষ্ট্রপতিকে অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ মার্চই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
তিনি জানান, এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ করা হয়েছে, সেগুলো উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতির ভাষণ থাকবে।
তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতির জন্য পুলিশ প্রশাসনে কিছু রদবদল করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

