মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের মধ্যে নতুন করে প্রাণহানির খবর এসেছে। ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। একই সময়ে ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ফলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। খবর আল জাজিরা
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসফাহান শহরের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলার সময় ওই কারখানার ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন।
আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার ইসফাহানের একটি হিটিং ও কুলিং সরঞ্জাম তৈরির কারখানায় এই হামলা চালানো হয়। সংস্থাটি হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে শনিবার ছিল চলমান সংঘাতের ১৫তম দিন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন।
সংঘাত শুরুর পর থেকে ইরানের বিভিন্ন শহর বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে গত ৮ মার্চ ইসফাহানে রাশিয়ার কনস্যুলেটের ওপর গোলাবর্ষণে ভবনটি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনাকে আন্তর্জাতিক চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করে মস্কো।
ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় শনিবার জানায়, হামলায় ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ইসফাহানের ১৭শ শতাব্দীর ঐতিহাসিক কেন্দ্র নকশে জাহান স্কয়ার এবং তেহরানের ইউনেস্কো স্বীকৃত গোলেস্তান প্যালেসও রয়েছে।
ইউনেস্কো জানিয়েছে, ইরানের ২৯টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে চারটি এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ নিয়ে দেশটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এদিকে শনিবার ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ জালালি-নাসাব নিহত হয়েছেন। তারা জানায়, দেশ রক্ষার সময় তিনি ‘শহিদ’ হয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের বাহিনী খার্গ দ্বীপে হামলা চালায়। এই দ্বীপের মাধ্যমে ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়। তবে এক আঞ্চলিক কর্মকর্তা জানান, সেখানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে সতর্ক করেছিলেন, তেহরান যদি হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত করতে থাকে, তাহলে ওই দ্বীপের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

