জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালায় ইসরায়েল। এরপর তারাই প্রথম তার মৃত্যুর তথ্য জানায়।
এর প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টার দিকে ইরান নিশ্চিত করেছে আলি লারিজানি নিহত হয়েছেন।
নিরাপত্তা কাউন্সিলের বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ তার মৃত্যুর তথ্য প্রকাশ করেছে।
এর আগে আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সোলাইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন।
আলি লারিজানির মৃত্যু নিয়ে নতুন বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে আলি লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন। সত্যের ডাকে সাড়া দিয়ে, দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি লাভ করলেন শাহাদাতের পরম গৌরব। সূত্র: মেহের নিউজ, আলজাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

