মার্চ ১৪, সিএমজি বাংলা ডেস্ক: ’মুকুট মণি’ খ্যাত ইরানের তেল সমৃদ্ধ খার্গ দ্বীপে বড় ধরনের বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ কথা জানান।
পোস্টে ট্রাম্প দাবি করেন, ওই দ্বীপে তার নির্দেশে মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম ভয়ংকর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে দ্বীপটির সব সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
তবে, দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস করা হয়নি উল্লেখ করে ট্রাম্প বলেছেন, যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে এই সিদ্ধান্ত বিবেচনা করা হবে।
এদিকে, ইরানের মুখপাত্র খাতাম আল-আনবিয়া শনিবার সতর্ক করে জানান, জ্বালানি অবকাঠামো বা বন্দরে আঁচ পড়লে তেহরান কঠোর ও বিধ্বংসী জবাব দেবে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট সব তেল ও গ্যাস স্থাপনা রেহাই পাবে না বলেও তিনি হুঁশিয়ার করেন।
পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ। যেখান থেকে দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

