উন্মুক্ত ও বাস্তববাদী মনোভাব নিয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করা চীন ও নেদারল্যান্ডস উভয় দেশের সাধারণ স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার নেদারল্যান্ডসের নতুন পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।
এ সময় ওয়াং ই বলেন, চীন-নেদারল্যান্ডস একে অপরের গুরুত্বপূর্ণ সহযোগী। দু’দেশের সহযোগিতা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ককে মজবুত করবে না, বরং চীন ও ইউরোপীয় ইউনিয়ন- ইইউ’র সম্পর্কোন্নয়ন, বৈশ্বিক শিল্প, নিরাপত্তা এবং স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেদারল্যান্ডসের নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে, এমন ইতিবাচক বার্তাকে স্বাগত জানান ওয়াং ই। তিনি দু’দেশের যোগাযোগ ও বিনিময় এগিয়ে নিতে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা জোরদারের আহ্বানও জানান।
চীনের সাম্প্রতিক ‘টু সেশনস’ বৈঠকের ফলাফল সামনে এনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেইজিং ভবিষ্যতেও বিশ্বের জন্য তার বাজার উন্মুক্ত রাখবে, যা সবার জন্য তৈরি হবে নতুন সুযোগ।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসন বলেছেন, চীনের ক্রমবর্ধমান উন্নয়নের সাফল্যকে গুরুত্বসহকারে মূল্যায়ন করে। ভবিষ্যতেও উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় থাকবে দু’দেশের।
এছাড়া জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ ব্যবস্থাপনা ও অন্যান্য ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন টম বেরেন্ডসন।
রেডিওটুডে নিউজ/আনাম

