ইরানের অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) উৎপাদন, বিক্রি ও পরিবহনসংক্রান্ত নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহের সুযোগ দেওয়া হবে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্থানীয় সময় সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।
সুইজারল্যান্ডে চলমান ইতিবাচক কূটনৈতিক আলোচনার সূত্র ধরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায় ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত নৌযান চলাচলের নিশ্চয়তা দিয়েছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।’
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, চলমান আলোচনায় ইরানের দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কারণে ওয়াশিংটন নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ইরানের সঙ্গে সংঘাত অবসানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর অনুষ্ঠিত প্রথম অনুসরণমূলক বৈঠকে অংশ নেওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানান, ইরান আইএইএর পরিদর্শক দলকে আবারও দেশে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

