দেশে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের ছয় জেলায় মোতায়েন করা সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
একই ক্ষমতা কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এ প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও ভোগ করবেন।
এর আগে, রোববার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লিখিত এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীনে সেনা কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রয়োগ করবেন।
এসব ক্ষমতার মধ্যে রয়েছে গ্রেপ্তার ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, তল্লাশি পরিচালনা, অসদাচরণ ও ক্ষুদ্র অপরাধে মুচলেকা গ্রহণ, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, জনস্বার্থে প্রতিবন্ধকতা অপসারণ এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীকে মাঠে রাখা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

