পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়া, দায়িত্ব হারালেন পাইলট

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়া, দায়িত্ব হারালেন পাইলট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১১, ২৫ জুন ২০২৬

আপডেট: ২২:২৫, ২৫ জুন ২০২৬

Google News
পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়া, দায়িত্ব হারালেন পাইলট

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ সাময়িকভাবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ পড়েছিল। এ ঘটনায় পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, গত সোমবার (২২ জুন) রাতে এয়ারবাস এ৩২১ উড়োজাহাজটি দিল্লি থেকে অমৃতসরের দিকে যাচ্ছিল। রাত ১০টা ৮ মিনিটের দিকে অমৃতসরে অবতরণের প্রস্তুতিকালে রানওয়ে পরিদর্শনের কারণে উড়োজাহাজটিকে আকাশে অপেক্ষা করতে বলা হয়।

এর আগে একই দিন বিকেল ৪টা ২৯ মিনিটে অমৃতসরে অবতরণের পর ইন্ডিগোর ৬ই ৫০২৮ ফ্লাইটে পাখির আঘাত (বার্ড হিট) লাগার ঘটনা ঘটে। এ কারণে অমৃতসরে আসা পরবর্তী পাঁচটি ফ্লাইটকে অপেক্ষা করতে বলা হয়। এয়ার ইন্ডিয়ার দিল্লি–অমৃতসর ফ্লাইটটি অবতরণের অপেক্ষায় থাকা উড়োজাহাজগুলোর মধ্যে চতুর্থ ছিল।

ডিজিসিএর মতে, রাডারের নির্দেশনায় অবতরণের প্রক্রিয়া শুরু করার পর উড়োজাহাজটি অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। বিষয়টি পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সামাল দেওয়া হয়।

পরে উড়োজাহাজটি দিল্লিতে ফিরে যায় এবং নিরাপদে অবতরণ করে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, অমৃতসর বিমানবন্দরে ‘গো-অ্যারাউন্ড’ কৌশল প্রয়োগের সময় ফ্লাইট এআই৪৭৯ অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে। ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিমানটি প্রায় তিন মাইল পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছিল।

ঘটনা যথাসময়ে রিপোর্ট না করায় ফ্লাইটের ক্রু সদস্যদের পাশাপাশি অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঘটনার সময় অমৃতসর বিমানবন্দরের অ্যাপ্রোচ সার্ভেইল্যান্স সেবা চালু ছিল না। পরে আবার অবতরণের চেষ্টা ব্যর্থ হলে জ্বালানি পরিস্থিতি বিবেচনায় বিমানটি দিল্লিতে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে একই উড়োজাহাজ পুনরায় অমৃতসরের উদ্দেশে যাত্রা করে এবং গন্তব্যে পৌঁছায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের