ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ২৭ জুন ২০২৬

Google News
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ধূলিসাৎ হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও বহুতল ভবন।

এদিকে ধসে পড়া ভবনের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেই তুলনায় উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় দুর্গত এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ছে।

গতকাল শুক্রবার (২৬ জুন) ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সরকারিভাবে নিহতের সংখ্যা ৯২০ জনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই। এর আগে এক বিবৃতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানিয়েছিলেন, এই দুর্যোগে আহত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্য পরিদর্শনকালে ডেলসি রদ্রিগেজ জানান, ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী দল উপদ্রুত এলাকায় পৌঁছাতে শুরু করেছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে জীবিতদের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও জরুরি পানি বিতরণ করছে। তবে দুর্গত এলাকায় ধ্বংসস্তূপের যে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে, তাতে মৃতের সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই দুর্যোগ নিয়ে এক ভয়াবহ পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির আশঙ্কা, এই জোড়া ভূমিকম্পে শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থাও (আইওএম) জানিয়েছে, এই দুর্যোগের কারণে ভেনিজুয়েলার প্রায় ৬৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার মধ্যে কেবল রাজধানী কারাকাসেরই বাসিন্দা প্রায় ২০ লাখ।

আন্তর্জাতিক রেড ক্রসের আমেরিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক লয়েস পেস পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন, লঘু ভূকম্পন (আফটারশক) অব্যাহত থাকায় মানুষ এখনো তাদের ঘরে ফিরতে চরম আতঙ্ক বোধ করছে।

গত বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এ ছাড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের প্রধান বিমানবন্দর ‘সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের