মার্কিন ঘাঁটিতে পালটা হামলার দাবি আইআরজিসির

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

মার্কিন ঘাঁটিতে পালটা হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ২৭ জুন ২০২৬

Google News
মার্কিন ঘাঁটিতে পালটা হামলার দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে কোন ঘাঁটি বা স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তারা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে পাল্টা হামলার দাবি করলেও হামলার স্থান, ক্ষয়ক্ষতি বা অভিযানের পরিধি সম্পর্কে নির্দিষ্ট কিছু জানায়নি।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ আইআরজিসির একটি বিবৃতি প্রকাশ করেছিল। সেখানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব ‘কঠোর ও দ্রুত’ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর সেই বিবৃতিটি আইএসএনএ তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়।

এর আগে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক কার্গো জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের’ অভিযোগ তোলার পর শুক্রবার এই হামলা চালানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার একমুখী (ওয়ান-ওয়ে) হামলাকারী একটি ড্রোন একটি কার্গো জাহাজে আঘাত হানে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই অঞ্চলে অবস্থানরত ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

হামলার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে কি না, তা খুব শিগগিরই দেখা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের