আবারও মধ্যরাতে ভিডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত তার আগের ভিডিওতে সাড়া দেওয়ায় দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, তার বক্তব্যে শিক্ষার্থী ও তরুণরা যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন, তাতে তিনি আনন্দিত।
ভিডিও বার্তায় মোদি বলেন, বন্ধুরা, ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে, আর আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক।
ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তায়ও তিনি লেখেন, গতকালের (২৩ জুলাই) ভিডিওটি দেখে মূল্যবান পরামর্শ পাঠানো সব তরুণকে ধন্যবাদ।
এর একদিন আগে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আরও কঠোর আইন আনার ঘোষণা দেন মোদি। সাম্প্রতিক নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি এ উদ্যোগের কথা জানান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল মন্ত্রিসভায় তোলা হবে। এরপর আগামী সপ্তাহেই বিলটি সংসদে পাসের চেষ্টা করা হবে।
এর আগে একই ভিডিও বার্তায় মোদি বলেন, বন্ধুরা, আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য এটি অত্যন্ত কষ্টের।
তিনি জানান, গত আড়াই মাসে সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় ২২ লাখ শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে এবং ১৯ জুলাই তাদের ফল প্রকাশ করা হয়েছে।
মোদি আরও জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির বিধান তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর সেই প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

