রাশিয়ার সৈকতে ইউক্রেনের ছোড়া ড্রোন বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬,

২০ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬,

২০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

রাশিয়ার সৈকতে ইউক্রেনের ছোড়া ড্রোন বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ৪ আগস্ট ২০২৬

আপডেট: ১০:৩৮, ৪ আগস্ট ২০২৬

Google News
রাশিয়ার সৈকতে ইউক্রেনের ছোড়া ড্রোন বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

দক্ষিণ রাশিয়ার একটি জনাকীর্ণ সমুদ্রসৈকতে ইউক্রেন থেকে ছোড়া একটি ড্রোন বিস্ফোরণে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার কৃষ্ণসাগর উপকূলের ক্রাসনোদার অঞ্চলের আরখিপো-ওসিপোভকা গ্রামের একটি জনপ্রিয় সৈকতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিবিসি যাচাই করা ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন পাহাড়ের ঢালের দিক থেকে দ্রুত নেমে এসে সৈকতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। সে সময় সৈকত ও পানিতে বিপুল সংখ্যক পর্যটক অবস্থান করছিলেন।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ বলেন, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইউক্রেন এ অভিযোগের কোনো জবাব দেয়নি। যুদ্ধ শুরুর পর থেকে উভয় পক্ষই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

ড্রোনটি মূলত কী লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তা এখনো নিশ্চিত নয়। ইউক্রেনের কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ড্রোনটির নিয়ন্ত্রণ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সেটি সৈকতে আছড়ে পড়ে। অন্যদিকে, রুশ গণমাধ্যমের বরাতে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের আগে মেশিনগানের মতো গুলির শব্দ শোনা যায়। এতে ধারণা করা হচ্ছে, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করেছিল।

আরখিপো-ওসিপোভকা কৃষ্ণসাগর উপকূলের একটি জনপ্রিয় অবকাশকেন্দ্র। উষ্ণ আবহাওয়া, দীর্ঘ সৈকত এবং উন্নত পর্যটন সুবিধার কারণে এটি রুশ পর্যটকদের কাছে অত্যন্ত পরিচিত। আন্তর্জাতিক ভ্রমণে নানা সীমাবদ্ধতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এই এলাকায় পর্যটকের সংখ্যা আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অভিযোগ, হামলার আগে কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি। একজন পর্যটক বলেন, বিস্ফোরণের সময় তারা সান লাউঞ্জারের আড়ালে আশ্রয় নেন। আরেকজন জানান, প্রথমে গুলির শব্দ এবং পরে বড় ধরনের বিস্ফোরণ শুনতে পান। 

গত এক বছরে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। কিয়েভের দাবি, তারা মূলত জ্বালানি স্থাপনা, সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার ও সামরিক কাজে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। তবে এসব হামলায় একাধিকবার বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনাও ঘটেছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের হামলায় রাশিয়ার বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ- এর একাধিক গুদামও লক্ষ্যবস্তু হয়েছে। ইউক্রেনের দাবি, এসব গুদাম রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে ব্যবহৃত হয়। যদিও মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তথ্য অনুযায়ী, শনিবার কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত এবং বহু মানুষ আহত হন। এছাড়া গত সপ্তাহে ক্রিভি রিহ এলাকায় রুশ হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের