মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে চলতি বছরের শেষ দিকে বৈঠকের ইচ্ছা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তা এএফপিকে জানান, উত্তর কোরিয়া পিয়ংইয়ং এলাকা থেকে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে।
এর আগে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি কিম জং উনের সঙ্গে আবার বৈঠক করতে চান। নিজের প্রথম মেয়াদে কিমের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছিল, তা আবারও ফিরিয়ে আনতে চান তিনি।
ট্রাম্প বলেন, কিমের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ৫৭টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। ট্রাম্পের কিমের প্রতি নতুন করে আগ্রহ এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে এশিয়ার মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কিম জং উনের বোন কিম ইয়ো জং বুধবার বলেন, ট্রাম্পের সঙ্গে তার ভাইয়ের কথিত যোগাযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না।
তবে তিনি জানান, ট্রাম্প সম্পর্কে কিমের এখনো ‘ভালো স্মৃতি ও অনুভূতি’ রয়েছে। দুই নেতার সম্পর্কও ভালো বলে তিনি দাবি করেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নির্ধারিত সময়ের আগেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরামর্শে মহড়াটি ২৭ আগস্টের পরিবর্তে শুক্রবার শেষ হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, উত্তর কোরিয়ার কাছে আনুমানিক ৮০ থেকে ১২০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

