হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহণের জন্য যুক্তরাষ্ট্র একটি নতুন নৌ-করিডোর চালু করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন এই রুট ব্যবহার করে প্রতিদিন প্রায় ১ কোটি (১০ মিলিয়ন) ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হচ্ছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে চলা এই অভিযানের অংশ হিসেবে ১৫ থেকে ২০টি তেলবাহী ট্যাংকার ওমানের দক্ষিণ উপকূলীয় চ্যানেল দিয়ে হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে। সূত্রের দাবি, বর্তমানে এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল তেল সরবরাহ করা হচ্ছে, যা যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় প্রায় অর্ধেক।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি এখন উন্মুক্ত। প্রচুর জাহাজ চলাচল করছে।’
তেলের দামও কমে আসছে বলে জানান তিনি। ট্রাম্প বলেন, যেখানে প্রতি ব্যারেল তেলের দাম ৩৫০ ডলারে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছিল, সেখানে বর্তমানে তা কমে ৮৪ থেকে ৮৫ ডলারের মধ্যে নেমে এসেছে।
ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমে আসতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তাঁর ভাষ্য, মানুষ বিকল্প পথ খুঁজে নিয়েছে এবং রেকর্ডসংখ্যক পাইপলাইন নির্মাণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রও বিপুল পরিমাণ তেল বাইরে পাঠাতে সক্ষম হচ্ছে বলে তিনি জানান।
জাহাজ চলাচলে ধীরগতি
তবে নৌ-পরিবহণসংক্রান্ত বিভিন্ন তথ্য বলছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে এখনো মন্থরগতি রয়েছে। হামলার আশঙ্কায় অনেক পরিবহণ সংস্থা সতর্ক অবস্থান নিয়েছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার-এর তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার মাত্র ছয়টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল নয়টি। আর গত ১০ দিনের দৈনিক গড় ছিল ১১টি।
তবে কেপলার জানিয়েছে, শনাক্তকরণ এড়াতে অনেক তেলবাহী ট্যাংকার তাদের ট্রান্সপন্ডার বন্ধ রেখে প্রণালি অতিক্রম করতে পারে। ফলে প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে বেশি হতে পারে।
ইরান হরমুজ প্রণালি বন্ধ রয়েছে বলে দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তা অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, প্রণালিটি উন্মুক্ত রয়েছে এবং সেখানে জাহাজ চলাচল অব্যাহত আছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হওয়ায় সেখানে জাহাজ চলাচলের পরিস্থিতির ওপর আন্তর্জাতিক তেলবাজারের দৃষ্টি রয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট
রেডিওটুডে নিউজ/আনাম

