বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আফগানিস্তান থেকে আসা ৮ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
আফগানিস্তান থেকে আসা ৮ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, বুধবার সীমান্ত এলাকায় এসব ড্রোন শনাক্ত করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

নিরাপত্তা সূত্রগুলো জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো আটটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করে। এর মধ্যে তুরখাম সীমান্তসংলগ্ন এলাকায় চারটি এবং কোহাটের কাছে পাহাড়ি এলাকায় আরও চারটি ড্রোন নামানো হয়।

ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করে হেফাজতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো। পাকিস্তান-আফগান সীমান্তে মোতায়েন এবং পাকিস্তান বিমান বাহিনী পরিচালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, গত রাতে কুররাম সেক্টরে আফগানিস্তান থেকে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সদস্যদের অনুপ্রবেশের একটি চেষ্টা ব্যর্থ করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা সূত্রের দাবি, আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে অবস্থিত ঘাঁটি থেকে আফগান তালেবানের তত্ত্বাবধানে ওই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। তবে সীমান্তে মোতায়েন পাকিস্তানি সেনারা তা প্রতিহত করে।

সূত্রগুলো আরও দাবি করেছে, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আফগান তালেবান ভারী অস্ত্র, মর্টারসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সীমান্ত চৌকিতে গুলিবর্ষণ শুরু করে। এর জবাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ছোট ও ভারী অস্ত্র এবং আর্টিলারি ব্যবহার করে আফগান সীমান্তের একাধিক চৌকি, মর্টার অবস্থান ও প্রতিরক্ষা ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

এর আগে ২০ সেপ্টেম্বর কোহাট ও হাঙ্গু জেলায় উগ্রবাদীদের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর কথা জানিয়েছিল পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, ওই অভিযানে নয়জন উগ্রবাদী নিহত এবং আরও কয়েকজন আহত হন।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার কোহাট, হাঙ্গু ও থাল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থল অভিযান পরিচালনা করা হয়। এরপর সাম্প্রতিক হামলার জন্য দায়ী উগ্রবাদী সংগঠনগুলোর গোপন আস্তানা ও নিরাপদ ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

মন্ত্রণালয়ের দাবি, আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী ক্যাম্প ও গোপন আস্তানায় এসব হামলা চালানো হয়। এতে আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণকেন্দ্রসহ তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস এবং ২৮ জন উগ্রবাদী ও কয়েকজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছেন বলে জানানো হয়।

পাকিস্তানের দাবি, সাম্প্রতিক একাধিক সন্ত্রাসী হামলার জবাবেই এসব অভিযান ও হামলা চালানো হয়েছে। এর মধ্যে কোহাটে চালানো একটি হামলায় পুলিশ সদস্যসহ অন্তত ২২ জন নিহত হওয়ার ঘটনাও রয়েছে।

তবে ড্রোন ভূপাতিত, সীমান্তে অনুপ্রবেশ এবং আফগানিস্তানের পক্ষ থেকে হামলা চালানোর বিষয়ে প্রতিবেদনে উল্লিখিত তথ্যগুলো মূলত পাকিস্তানের নিরাপত্তা সূত্র ও সরকারি বক্তব্যনির্ভর। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536