প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, “আপনারা যদি যুক্তরাষ্ট্রের বিমান চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞায় যোগ দেন, তাহলে আপনাদের বিমানবন্দরগুলোতেও বিমান চলাচল করতে দেওয়া হবে না”।
ইরানের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “আপনারা আমাদের ব্যবসায়ীদের ভ্রমণ সীমিত করবেন, আমাদের ফ্লাইট চলতে দেবেন না, আকাশপথে আমাদের পণ্য আমদানি বন্ধ করবেন, আমেরিকানদের সঙ্গে আঁতাত করবেন, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখব—এটা হতে পারে না”।
ইরানের বিমান সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞা বুধবার থেকে কার্যকর হয়েছে। ইরানের অনেক দেশের সঙ্গে ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, কয়েকটি দেশ এখনো ইরানি বিমানকে পরিষেবা দিচ্ছে।
এদিকে, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে মি. রেজায়ি বলেন, “এগুলো আলোচনা নয়, বরং কেবল শর্তাগুলো জানিয়ে দেওয়া”।
তিনি বলেন, “শর্ত বাড়ানো বা কমানোর বিষয়ে নতুন কোনো বিষয় উত্থাপন করা হয়নি। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না”।
সূত্র: বিবিসি বাংলা
রেডিওটুডে নিউজ/আনাম

