শনিবার,

১০ অক্টোবর ২০২৬,

২৫ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১০ অক্টোবর ২০২৬,

২৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ১০ অক্টোবর ২০২৬

Google News
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে আটক আন্দোলনকারীদের ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নিজের মুক্তির কথা জানান নেহা বোরা। এর আগে দিল্লিতে বিক্ষোভ দমনে পুলিশের ব্যাপক ধরপাকড়ের সময় তাকে আটক করা হয়েছিল। খবর হিন্দুস্তান টাইমসের।

মুক্তির পর নেহা জানান, আটকের সময় পুলিশ তার মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে সেটি ফেরত দেয়া হয়। থানায় আটক অন্য নারীদেরও মুক্তি দেয়া হয়েছে বলে জানান তিনি।
 
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনভর রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটক ব্যক্তিদের মধ্যে যারা প্রতিরোধমূলক আটকাদেশের আওতায় রয়েছেন, তাদের ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ পর্যন্ত ঠিক কতজনকে মুক্তি দেয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। যন্তর মন্তরে কর্মসূচি আয়োজনের অনুমতি না দেয়ার পরও সেখানে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্থান থেকে ছাত্রনেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী ও সাংবাদিকদের আটক করা হয়।

নেহা বরা এই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। তিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। পাশাপাশি তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের ছাত্রসংগঠন এআইএসএর সভাপতি।
 
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের ভোটাধিকার ঝুঁকির মুখে পড়তে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের