ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী যাত্রীদের জন্য জরুরি ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদ রুটে বিমানের নির্ধারিত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে, আকস্মিক এ সিদ্ধান্তের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা তৈরি হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফ্লাইট স্থগিতের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরবর্তী নির্দেশনা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
তাই ঢাকা-রিয়াদ রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে বিমানের সর্বশেষ ঘোষণা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

