ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় জেদ্দাগামী একটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছে বেসরকারি উড়োজাহাজ সেবাদাতা সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। তবে উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (২৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
ইউএস-বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটির উড্ডয়নের ঠিক আগে ককপিটে যন্ত্রের নির্দেশনায় অসংগতি দেখা দিলে পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়।’
বিবৃতিতে আরও বলা হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিলের সময় রানওয়ের সঙ্গে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে কোনো ধরনের আগুন লাগেনি। প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে পার্কিং এলাকায় সরিয়ে নেওয়া হয় এবং যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়।
এয়ারলাইনসটি জানিয়েছে, সব যাত্রী নিরাপদ আছেন এবং তারা বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ভেতরে অবস্থান করছেন। তাদের নিয়ে কিছুক্ষণের মধ্যে সংস্থাটির আরেকটি উড়োজাহাজ জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা।
রেডিওটুডে নিউজ/আনাম

