রোববার,

২৯ নভেম্বর ২০২৬,

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

২৯ নভেম্বর ২০২৬,

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

সপ্তাহে তিনদিন রাত ৮টা ও তিনদিন ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১০, ২৯ নভেম্বর ২০২৬

Google News
সপ্তাহে তিনদিন রাত ৮টা ও তিনদিন ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

সপ্তাহে তিনদিন রাত ১০টা এবং বাকি তিনদিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এ ছাড়া মার্কেটে সোলার প্যানেল স্থাপনে পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দোকান মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে। পাশাপাশি সোলার প্যানেলগুলো মানসম্পন্ন কি না তা নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এর পরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। 

বৈঠকে সারাদেশে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ তুলে ধরে দোকান মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতের মতো এখনো সারাদেশে প্রতিদিন তিন থেকে পাঁচ বার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। জনসাধারণ এটিকে লোডশেডিং ভাবলেও বাস্তবে তা বিদ্যুৎ বিভ্রাট। গড় হিসাবে একজন গ্রাহক বছরে এক হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন- যা গ্রহণযোগ্য নয়। কারণ একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে একবার ৫ থেকে ৭ মিনিট বিদ্যুৎ বিভ্রাট হয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ ছাড়া প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে ভীতি ও অনাগ্রহের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। সমিতির ভাষ্য অনুযায়ী, দুই হাজার টাকার কার্ড কিনে মিটারে রিচার্জ করলে অনেক কম অর্থ শো করে; ম্যানুয়াল বিলে পিক আওয়ার, অফ পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন প্রদেয় চার্জ কাটা হয় এবং মিটার ভাড়া বাতিল হলেও পরিপত্র না থাকায় এখনো তা কাটা হচ্ছে। 

মোবাইল রিচার্জের উদাহরণ টেনে সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, গ্রাহক মিটারে যে অর্থ রিচার্জ করবেন তা যেন সরাসরি শো করে এবং অন্যান্য প্রদেয় চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করা হয়। 

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, মন্ত্রী এ প্রস্তাব গ্রহণ করেছেন এবং এখন থেকে রিচার্জ করা অর্থই মিটারে দেখাবে। পাশাপাশি বাড়ি বা প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি হয়ে শত শত গ্রাহকের লাখ লাখ টাকার ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের