ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১১ই মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও সেটি জমা দিতে পারেননি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ অবস্থায় তদন্ত প্রতিবেদন জমা দিতে নতুন তারিখ ধার্য করে দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম।
এর আগে, হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ছয়ই জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
কিন্তু সেই অভিযোগপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করে ইনকিলাব মঞ্চ। পরে আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়ার নির্দেশ দেয়। তদন্ত শেষে আজ সিআইডি'র পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
গত ১২ই ডিসেম্বর ঢাকায় গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলেও ১৮ই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

