স্কুলছাত্রী বিন্তি হত্যা, ঘাতক সিয়াম গ্রেপ্তার

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

স্কুলছাত্রী বিন্তি হত্যা, ঘাতক সিয়াম গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
স্কুলছাত্রী বিন্তি হত্যা, ঘাতক সিয়াম গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সিয়ামকে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: মাসুদ আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে হাজারীবাগের হায়দার হোটেল সংলগ্ন গলিতে বিন্তিকে কুপিয়ে জখম করে সিয়াম। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার কিছুক্ষণ আগে বিন্তি ওই যুবকটির সঙ্গেই হাঁটছিল। অন্ধকার গলিতে প্রবেশের পরপরই বিন্তির আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘাতক পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সিয়ামের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি এবং তার রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে যে, বিন্তির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কের টানাপোড়েন এবং ব্যক্তিগত আক্রোশ থেকে সে এই খুনের পরিকল্পনা করে। ঘটনার রাতে বিন্তি তার ছোট ভাইকে মসজিদে রেখে কিছু কিনতে বের হলে ওত পেতে থাকা সিয়াম তাকে একা পেয়ে আক্রমণ চালায়।

ডিসি মাসুদ আলম বলেন, "তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে আমরা ঘাতককে দ্রুততম সময়ে শনাক্ত করতে সক্ষম হই। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করছি।"

নিহত বিন্তি রায়েরবাজার হাই স্কুলের শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা বেল্লাল হোসেন এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের