একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনকে খালাস প্রদান করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায়ে খান আকরাম হোসেনসহ সাতজনকে মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন। এই সাত আসামির মধ্যে খান আকরাম হোসেন, শেখ মোহম্মদ উকিল উদ্দিন ও মো. মকবুল মোল্লা কারাগারে থাকলেও বাকিরা এখনো পলাতক রয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যাসহ মোট সাতটি অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করেছিলেন ট্রাইব্যুনাল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল সাজা ঘোষণা করলেও আজ আপিল বিভাগের রায়ে খালাস পেলেন খান আকরাম হোসেন।
রেডিওটুডে নিউজ/আনাম

