আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় আইনজীবীদের আদালত বর্জন

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় আইনজীবীদের আদালত বর্জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় আইনজীবীদের আদালত বর্জন

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে বরিশালের আইনজীবীরা মঙ্গলবার মহানগর আদালত বর্জন করেছেন। তারা সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি করেছেন। 

তালুকদার ইউনুস সোমবার বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার আত্মসমর্পণের পর বিচারক বিচারক এস এম শরিয়ত উল্লাহ একমাত্র মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন। 

জানা গেছে, জামিনের পর পরই বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুদ্ধ হন। মঙ্গলবার তারা মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেন। বেলা ১১টার দিকে আইনজীবীরা আদালাতপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন। পূর্ব ঘোষণা ছাড়া আদালত বর্জন করায় দুর্ভোগে পড়েন বিচারপ্রত্যাশীরা।  

জেলা যুবদলের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, আওয়ামী লীগ নেতা তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলাটি জামিন অযোগ্য। তিনি আত্মসমর্পণ করলে বিচারক রহস্যজনক কারণে জামিন দেন।

এছাড়া আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা মহানগর আদালত থেকে জামিন পেয়েছেন, যা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এতে ক্ষুদ্ধ আইজীবীরা তালুকদার ইউনুসকে জামিন আদেশ দেওয়া বিচারক অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহকে অপসারণ এবং জামিন বাতিলের দাবিতে অনির্দিষ্টকাল মহানগরের সকল আদালত বর্জন করেছেন। 

তবে বেলা ২টায় অ্যাডভোকেট বাবলু সমকালকে জানান, বিষযটি নিয়ে আইনজীবী সমিতি ও বিচারকদের সঙ্গে সমঝোতা চলছে। যে কারণে অনির্দিষ্টকাল আদালত বর্জনের বিষয়টি নিশ্চিত নয়। 

মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম বলেন, তারা তালুকদার ইউনুসের জামিনের বিরোধিতা করেছেন। কিন্ত বিচারক জামিন আদেশ দেওয়ায় তাদের করণীয় ছিল না। 

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাইউম খান কায়সার জানান, তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে মাত্র একটি মামলা ছিল। নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার সরোয়ার হোসেন নামের এক ব্যক্তি ২০২৫ সালে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। ২০১৭ সালে বিএনপির কর্মসূচিতে হামলা ও তাকে আহত করার অভিযোগ করা হয়। ওই মামলায় হুকুমের আসামি হিসেবে তালুকদার ইউনুসের নাম ৩ নম্বরে ছিল। অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস ২০০৮ সালের নির্বাচনে বরিশাল- ১ আসনে এবং ২০১৪ সালে বরিশাল- ২ আসনে এমপি নির্বাচিত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের