বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নরসিংদীর চার আসনে বিএনপির সাংসদ যথাক্রমে নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনে সরদার মো. সাখাওয়াত হোসেন( স্বাস্থ্য মন্ত্রী), নরসিংদী-৫ আসনে আশরাফ উদ্দিনকে নিয়ে নরসিংদী-২ আসনের সাংসদ আবদুল মঈন খানের নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়।
আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে, এই ব্যাপারে বিএনপির অবস্থান কী? জবাবে আবদুল মঈন খান বলেন, ‘আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট।
বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১-এর সেই কালোরাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরহ মানুষের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন প্রতিবাদের ঝাণ্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের ওপরে জগৎদল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না।
তিনি বলেন, ‘আমরা আপনাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি, ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।’
রেডিওটুডে নিউজ/আনাম

