সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সোমবার আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বর্ণাঢ্য ক্যারিয়ার ও পারিবারিক ঐতিহ্যের অধিকারী এই মেধাবী আইনজীবীর নিয়োগের সংবাদটি আইন অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর পিতা মরহুম আব্দুর রউফ চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বাবার আদর্শে বেড়ে ওঠা রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। উচ্চশিক্ষার নেশায় তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে, যেখানে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি অর্জনের পর লন্ডনের মর্যাদাপূর্ণ 'লিংকনস ইন' থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
নতুন এই গুরুদায়িত্ব পালনে ব্যারিস্টার রাগিব রউফের প্রধান অঙ্গীকার হলো দেশে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা। অভিজ্ঞ এই আইনজীবীর হাত ধরে বিচার বিভাগে স্বচ্ছতা ও ন্যায়বিচার আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

