টাঙ্গাইলে স্ত্রী সেলিনা খাতুনকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর (৪২) ঘাটাইল উপজেলার মালেঙ্গা (জোয়াহের আলীর চালা) গ্রামের মৃত কানছু সেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে ঘাটাইল উপজেলার মাকড়াই গ্রামের মৃত কোপাত আলীর মেয়ে সেলিনা খাতুনের সঙ্গে আব্দুল গফুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
২০২২ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় সেলিনা নিখোঁজ হন। পরদিন ২১ নভেম্বর বিকেলে মাকড়াই গ্রামের একটি জঙ্গলের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে পারিবারিক বিরোধের জেরে গফুর তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে উঠে আসে।
এ ঘটনায় সেলিনার ভাই আব্দুল মান্নান ২২ নভেম্বর ঘাটাইল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আব্দুল গফুরকে গ্রেফতার করে। মামলার তদন্তের একপর্যায়ে তিনি আদালতে ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
পুলিশ একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জোবায়ের হোসেন জয়।
রেডিওটুডে নিউজ/আনাম

