মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মন্ত্রী আফরোজা খানমকে। তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিসভার একাধিক সূত্র জানিয়েছে।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।
বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মো. আব্দুল বারী। তিনি একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকবেন বলে জানা গেছে।
মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে আরও কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হচ্ছে। সম্ভাব্য রদবদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী এবং সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী করা হচ্ছে। এছাড়া মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। বর্তমানে এ দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও একই পদে থাকবেন বলে জানা গেছে।
এদিকে আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পাশাপাশি বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। বঙ্গভবনের দরবার হলেই তাদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

