দায়িত্ব শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী তার সামাজিক কার্যক্রম নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান। তারা দেশের জন্য কাজ করেছেন, ভবিষ্যতেও এখানেই থাকবেন এবং সরকারের বাইরে থেকেও দেশের জন্য কাজ করে যাবেন।
গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি জানান, আগামী মঙ্গলবার শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে যাবেন এবং অনুষ্ঠান শেষে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে পতাকা ছাড়া গাড়িতে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ইতিহাসের ‘সেরা নির্বাচন’ হিসেবে অভিহিত করে শফিকুল আলম বলেন, “গুমের শিকার ও জুলাই অভ্যুত্থানের নেতারা অংশ নেওয়ায় এ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের সেরা বিরোধী দল গঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, ঐতিহাসিক ও সফল নির্বাচন আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। তার দাবি, এ নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে। ভোটগ্রহণ চলাকালে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে অবস্থান করে বডিওর্ন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে ১৭টি কেন্দ্রের সঙ্গে সরাসরি কথা বলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

