নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্য এই দেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করাই সরকারের লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেন, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি ও দুঃশাসনে বিপর্যস্ত একটি ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল শাসন কাঠামোর মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। তাই জনমনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণকেই প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান ব্যবসায়ীদের প্রতি আহবান জানান যেন এই মাসটিকে কেবল মুনাফা লাভের মাস হিসেবে গণ্য না করা হয়। তিনি বলেন, দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বিএনপি সরকার বদ্ধপরিকর।
একই সঙ্গে রমজানে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারি ব্যয়ে কৃচ্ছতা সাধনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, উদাহরণ সৃষ্টির লক্ষে বিএনপির সংসদীয় দল সিদ্ধান্ত নিয়েছে যে, দলটির কোনো এমপি সরকারি সুবিধায় ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং কোনো প্লট সুবিধা নেবেন না। মহানবীর (সা.) ‘ন্যায়পরায়নতার’ আদর্শ অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমাতে এবং যানজট নিরসনে সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষ যেন নিজ জেলায় থেকেও সহজে অফিস-আদালত করতে পারেন, সেই লক্ষ্যে রেল, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সব ধরণের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। তিনি যুবসমাজকে মেধায় ও বিজ্ঞানে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহবান জানান।
গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে করা মন্তব্যের সূত্র ধরে তারেক রহমান বলেন, আমি বলেছিলাম ‘আই হ্যাভ এ প্ল্যান’। আপনারা ভোট দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন। এখন সব অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের।
শেষে তিনি স্মরণ করিয়ে দেন যে, যারা ভোট দিয়েছেন কিংবা দেননি—এই সরকারের ওপর সবার অধিকার সমান। তিনি বলেন, দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার।
রেডিওটুডে নিউজ/আনাম

