বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথগ্রহণ করেন। নতুন মন্ত্রিপরিষদে প্রথমবারের সংসদ সদস্য (এমপি) অনেকে মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
তবে নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
মন্ত্রিপরিষদের জায়গা না পাওয়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন—দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এদের মধ্যে শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ব্যতীত বাকিরা পূর্বে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও।
রেডিওটুডে নিউজ/আনাম

