পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের ১৪ জন কিংবদন্তি অধিনায়ক। কারাবন্দি এই নেতার চোখের চিকিৎসার অবহেলা ও স্বাস্থ্যের অবনতি নিয়ে তারা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে একটি চিঠি দিয়েছেন।
চিঠিতে সাবেক অধিনায়করা উল্লেখ করেছেন, কারাগারে সঠিক চিকিৎসার অভাবে ইমরানের এক চোখের দৃষ্টিশক্তি প্রায় নষ্ট হতে বসেছে। গত আড়াই বছর ধরে বন্দি থাকায় তার স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে। তাই তার ‘মর্যাদা ও মৌলিক মানবিক অধিকার’ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সুচিকিৎসার আহ্বান জানিয়েছেন তারা।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল এই চিঠির খসড়া তৈরি করেছেন। এতে স্বাক্ষর করেছেন ভারতের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও কপিল দেব। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহ, কিম হিউজেস ও বেলিন্ডা ক্লার্ক, ইংল্যান্ডের নাসের হুসেইন, মাইকেল আথারটন, মাইকেল বিয়ারলি ও ডেভিড গাওয়ার এবং নিউজিল্যান্ডের জন রাইট এই দলে রয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ক্রিকেটে ইমরান খানের অবদান অবিস্মরণীয়। ১৯৯২ সালে তার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল, যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। মাঠের সেই লড়াকু মানসিকতা, প্রতিভা ও নেতৃত্বের গুণাবলির জন্য আজও তিনি বিশ্বজুড়ে সম্মানিত।
এর আগে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও শোয়েব আখতারের মতো পাকিস্তানি তারকারাও ইমরানের চিকিৎসার দাবি জানিয়েছিলেন। ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজাও বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের মুখ খোলার আহ্বান জানিয়েছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

