মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬,

৫ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬,

৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে এবং জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আর্তমানবতার প্রতি সহমর্মিতা প্রদর্শনের শ্রেষ্ঠ সময়। বিশেষ করে রমজানের শেষ দশকের লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। তিনি দেশবাসীকে পবিত্র কুরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনে এই মাসকে প্রশিক্ষণের সময় হিসেবে গ্রহণ করার অনুরোধ জানান।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে জামায়াত আমির বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতি পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার অবসান ঘটিয়ে জনগণ এখন তাদের মৌলিক মানবাধিকার ও ন্যায়বিচার ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, "পতিত স্বৈরাচারের সহযোগীরা দেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে।" এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং একটি মানবিক বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নবগঠিত সরকারের প্রতি বিশেষ নজর দেওয়ার দাবি জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট করে ইফতার ও নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য সরকারকে কঠোর ও কার্যকর বাজার মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।

নিম্নআয়ের মানুষের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, "দরিদ্র মানুষ যেন স্বস্তিতে রোজা পালন করতে পারে, সে জন্য চাল, ডাল, তেল, চিনি, খেজুর ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে সরকারকে সরাসরি ভর্তুকি দিতে হবে।"

বিবৃতিতে তিনি রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সব ধরনের অশ্লীলতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের বিশেষ মনোযোগ আকর্ষণ করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের