চট্টগ্রাম ও কুমিল্লায় বিস্ফোরণের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

চট্টগ্রাম ও কুমিল্লায় বিস্ফোরণের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
চট্টগ্রাম ও কুমিল্লায় বিস্ফোরণের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সেখানে উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম থেকে একই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধের মধ্যে ৩ জন মারা গেছেন, ছয়জন চিকিৎসা নিচ্ছেন। একজন রোগী ভেন্টিলেশনে আছেন। আমি তাদের দেখে এসেছি, ভর্তি রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। 

তিনি আরও বলেন, কুমিল্লা থেকে সকালে একই পরিবারের চার জন এসেছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। 

মন্ত্রী বলেন, আমরা এখানে চিকিৎসকদের বলেছি তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, গ্যাস লিকেজ থেকে সারা বছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের হালিশহরে সোমবার একটি ঘটনা ঘটেছে এবং আজ মঙ্গলবার সকালে কুমিল্লার দাউদকান্দিতে আরও একটি ঘটনা ঘটেছে। 

তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থা মন্ত্রণালয়— এই তিনটি মন্ত্রণালয় একসঙ্গে বিষয়টি নিয়ে আমরা কাজ করতে চাই, যাতে করে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে নিয়ে আসা যায়। 

আসাদুল হাবিব দুলু বলেন, আমরা অল্প সময়ের মধ্যে তিন মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত গ্রহণ করব কীভাবে এই দুর্ঘটনাকে কমিয়ে আনা যায়।

তিনি আরও বলেন, এই ঘটনাটি খুবই মর্মান্তিক। এতে শিশুসহ নারীরা আহত হয়েছেন। আমাদের মন্ত্রণালয় থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন আহতদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদেরকে বিস্তারিত অবহিত করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের