হাজার হাজার মাইল সীমান্ত পাহারা দেওয়ার থেকেও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘প্রচলিত ধারণার মধ্য থেকে আনসার বাহিনীকে বের করে আনার চেষ্টা প্রশংসনীয়। প্রান্তিক কণ্ঠস্বরের আবির্ভাব গুজব প্রতিরোধসহ সঠিক তথ্য প্রবাহকে নিশ্চিত করবে।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘যুদ্ধ কেবলই সমরাস্ত্রের বিষয় নয়, যোগাযোগও কেবল মানুষের কণ্ঠস্বর বিনিময়ের বিষয় নয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’
এ সময় বাহিনীর ৬০ লাখ সদস্যকে প্রচলিত ধারণায় আটকে না রেখে সময়োপযোগী ও আধুনিক চিন্তার মাধ্যমে দেশের কাজে লাগানোর এই উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনার পরিকল্পনার একটি বড় অংশ হবে আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম। অ্যানালগ ও ডিজিটাল পদ্ধতির পার্থক্য অনুধাবন করে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে ডিজিটাল নেতৃত্ব গ্রহণের জন্য তিনি বাহিনীর নেতৃত্বকে সাধুবাদ জানান।
প্রযুক্তির চলমান পরিবর্তনের ধারাকে ‘ডাইনামিক’ বা গতিশীল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই প্রযুক্তিগত বাস্তবতায় জ্ঞান ও মনোজগতকে স্থিতিশীল রাখার কোনো সুযোগ নেই। প্রতি মুহূর্তে আমাদের চিন্তার ক্ষেত্রে গতিশীল থাকতে হবে এবং চলমান আপগ্রেডিং সিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তা না হলে আজ যিনি আধুনিক, আগামীকালই তিনি অচল হয়ে যেতে পারেন।’
রেডিওটুডে নিউজ/আনাম

