গণতন্ত্রের সফলতা নির্ভর করে স্বাধীন গণমাধ্যমের ওপর: মির্জা ফখরুল

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৯ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

গণতন্ত্রের সফলতা নির্ভর করে স্বাধীন গণমাধ্যমের ওপর: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৪, ৩ জুলাই ২০২৬

আপডেট: ১৫:৩৭, ৩ জুলাই ২০২৬

Google News
গণতন্ত্রের সফলতা নির্ভর করে স্বাধীন গণমাধ্যমের ওপর: মির্জা ফখরুল

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। 

বিএনপি মহাসচিব বলেন, অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা হামলা-হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়—কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানের শেষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন,জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনটিভি স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন ট্রেন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের