সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত করতে সচিব পর্যায়ে আরও দুই দফা বৈঠক অনুষ্ঠিত হবে। প্রস্তাবের খসড়া প্রায় প্রস্তুত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তির পরই তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সচিবালয়ের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেলের খসড়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আহরণের চ্যালেঞ্জ এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে এগিয়ে নিচ্ছে।
অর্থনৈতিক চাপের মধ্যে পে-স্কেল
সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক সংঘাত, আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সরকারের জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে আগের যেকোনো সময়ের তুলনায় এবার আর্থিক সক্ষমতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের এক শীর্ষ নীতিনির্ধারক জানিয়েছেন, পে-স্কেলের কাজ প্রায় শেষ। খুব শিগগিরই এটি মন্ত্রিসভায় উপস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।
বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সুবিধা নিয়ে পর্যালোচনা
পে-স্কেল প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা নতুন বেতন কাঠামোয় কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে।
সূত্রটির দাবি, এ বিষয়ে সমাধানে পৌঁছানো হয়েছে এবং সংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহ
নবম পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা নিয়মিত সর্বশেষ অগ্রগতির তথ্য জানতে আগ্রহ প্রকাশ করছেন। তবে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া
পে-স্কেল নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একেক গণমাধ্যম একেক ধরনের সংবাদ প্রকাশ করছে। এ বিষয়ে এখনই তিনি কোনো মন্তব্য করতে চান না।
তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে আগ্রহী নয়।
যেভাবে এগোচ্ছে পে-স্কেলের কাজ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব তৈরি হচ্ছে, যা শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

