ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা জুলাই-গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম আগামীকাল (শনিবার, ১ আগস্ট) থেকে শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ দিন সকাল ১১টায় তার বাসভবনের প্রধান ফটকে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ চারুকলা অনুষদের ডিন, প্রক্টর ও আরবরি কালচার সেন্টারের পরিচালকও এসময় উপস্থিত থাকবেন।
আজ (শুক্রবার, ৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে আগামী ১, ২ ও ৩ আগস্ট উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১ আগস্ট সকাল ৯টার মধ্যে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে উপস্থিত থাকার জন্য নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাবিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচির ব্যাপারেও এ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

