হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি বাহিনীর নির্দেশনা অমান্য করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তায় জাহাজ দুটি প্রণালি অতিক্রমের চেষ্টা করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নির্দেশনা না মানায় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে। তবে ট্যাংকার দুটির নাম বা হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায়নি তারা।
বিবৃতিতে বলা হয়, ঘটনার পর আরও চারটি ট্যাংকার দ্রুত গতিপথ পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়। ইরানি বাহিনীর দাবি, এসব জাহাজ যুক্তরাষ্ট্রের আকাশ নিরাপত্তা ব্যবস্থার আওতায় ঘোষিত একটি রুট ব্যবহার করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল।
আইআরজিসির ভাষ্য, ‘নিয়ম অমান্যকারী দুটি ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়া হয়। অপরদিকে আরও চারটি ট্যাংকার দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যায়।’
এদিকে গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। এর মধ্যেই শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
হোয়াইট হাউসের ওই বৈঠকে মধ্যপ্রাচ্যের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি, চলমান উত্তেজনা এবং সংঘাতের কারণে জ্বালানি ও অন্যান্য পণ্যের বৈশ্বিক মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

