ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের রাজনীতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না।
শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে অনুষ্ঠানে প্রচার করা শেখ হাসিনার অডিও বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে?’
এরপর তিনি বলেন, ‘ওই সময় মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ দিয়ে থাকে। এগুলো তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দায়ী, যাদের কোনো অনুশোচনা নেই, যারা বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করেনি, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উসকানি দিতে পারে, চিৎকার করতে পারে। এগুলো আমরা আর মনোযোগ দিচ্ছি না।’
রেডিওটুডে নিউজ/আনাম

