মঞ্চে বোতল নিক্ষেপের ঘটনায় মুখ খুললেন হাসান

শুক্রবার,

০৭ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

০৭ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

মঞ্চে বোতল নিক্ষেপের ঘটনায় মুখ খুললেন হাসান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪১, ৭ আগস্ট ২০২৬

Google News
মঞ্চে বোতল নিক্ষেপের ঘটনায় মুখ খুললেন হাসান

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত কনসার্টে গান গাওয়ার সময় দর্শকসারি থেকে ছোড়া পানির বোতলের আঘাত পেয়েছিলেন আর্ক ব্যান্ডের প্রধান হাসান। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংগীতাঙ্গনে যখন নিন্দা ও প্রতিবাদের ঝড়, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।

তবে ক্ষোভ নয়, বরং ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে দেশের আর কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির শিকার না হন, সেই আহ্বান জানিয়েছেন হাসান।

ঘটনার পরদিন বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি কনসার্টে গান পরিবেশন করে ব্যান্ড আর্ক। শুক্রবার সকালে ঢাকায় ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মানিক মিয়া অ্যাভিনিউর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন হাসান।

দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে।

কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি ক্ষমার চোখে দেখলেও ভবিষ্যতে অন্য কোনো শিল্পী যেন এমন অভিজ্ঞতার মুখোমুখি না হন, সেটিই চান হাসান। তার মতে, শিল্পী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নন; বরং দেশের সব মানুষের।

 হাসান বলেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তাঁরা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তাঁরা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

একই সঙ্গে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করার প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আর্কের এই ভোকালিস্ট। 

এ প্রসঙ্গে হাসান বলেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাঁকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের