শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Google News
বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিকূল আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ভাসমান দুটি এফএসআরইউ থেকে এলএনজি খালাসে বৃহস্পতিবার সাময়িক সমস্যা হলেও শুক্রবার সকাল থেকে তা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। তিনি বলেন, বিকেলের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে ভাসমান দুটি এফএসআরইউ থেকে এলএনজি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে গ্যাস সরবরাহের চাপ দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশের বাজারেও তা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল ও কমে এলে দ্রুততম সময়ে দেশে জ্বালানির দাম সমন্বয় করে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে।

এর আগে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করার কথা জানান প্রতিমন্ত্রী। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও রোগীদের সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বেশিরভাগ সিদ্ধান্তে অগ্রগতি হয়েছে এবং বাকি কাজগুলো সম্পন্ন করতে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536