জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চসহ নৌযানে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৯ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ভাড়া ২৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।
কোন দূরত্বে কত ভাড়া
নতুন ভাড়া অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৭ পয়সা হয়েছে।
অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।
এ ছাড়া নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। ফলে স্বল্প দূরত্বে যাতায়াতকারী যাত্রীদেরও আগের চেয়ে ৩ টাকা বেশি ভাড়া দিতে হবে।
কেন ভাড়া বৃদ্ধি
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।
টার্মিনালে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ
প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে নৌযানের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।
নতুন ভাড়া কার্যকর হওয়ায় এখন থেকে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের দূরত্ব অনুযায়ী বাড়তি ভাড়া গুনতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

