ভবিষ্যতে দেশ গড়ার প্রস্তুতি হিসেবে তরুণদের দক্ষ ও যোগ্য হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধ। দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তরুণদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘গ্র্যাজুয়েশন সেরেমনি-২০২৬’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই হলো তরুণদের বর্তমান সংগ্রাম ও যুদ্ধ। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম তরুণদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করছে। এই প্রশিক্ষণকে দেশ গড়ার বৃহত্তর দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেন তিনি।
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০-এর দশকের গণতান্ত্রিক আন্দোলনসহ বাংলাদেশের ইতিহাসে তরুণ ও ছাত্রসমাজের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস তরুণদের আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে এ দেশের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে ২০২৪ সালেও তরুণদের অবদানকে স্মরণ করেন তিনি।
মন্ত্রী বলেন, বাঙালি জাতি সবসময় অন্যায় ও ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তরুণরাই দেশকে বারবার সঠিক পথে ফিরিয়ে এনেছে। তাই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তরুণদের এগিয়ে আসতে হবে।
মন্ত্রী আরো বলেন, ‘আজ যারা প্রশিক্ষণ সম্পন্ন করে গ্র্যাজুয়েশন অর্জন করছেন, তাদের সামনে জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে।’
তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

