প্রথমবারের মতো আগামীকাল ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে প্রচলিত ছয় মাস মেয়াদি মুদ্রানীতি প্রণয়ন পদ্ধতির পরিবর্তে নতুন ব্যবস্থা চালু হবে।
কেন্দ্রীয় ব্যাংক আগামীকাল বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে অক্টোবর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান।
দ্রুত পরিবর্তনশীল দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে মুদ্রানীতিকে আরও কার্যকরভাবে সমন্বয় করাই এ উদ্যোগের লক্ষ্য। এর আগে বাংলাদেশ ব্যাংক বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করত। পরে ছয় মাস মেয়াদী মুদ্রানীতি কাঠামো চালু করা হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের সুপারিশ করেছিল। এছাড়া চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের একটি নীতি প্যানেলও মুদ্রানীতির সাড়া দেওয়ার সক্ষমতা, স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে প্রতি তিন মাসে মুদ্রানীতি বিবৃতি প্রকাশের সুপারিশ করে।
দেশের সার্বিক মূল্যস্ফীতি আগস্টে টানা তৃতীয় মাসের মতো কমে ৮ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে, যা ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশে উঠেছিল।
বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের অক্টোবর থেকে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছিল। তবে চলতি বছরের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক নীতি বা রেপো সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ করে। এর মাধ্যমে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো নীতি সুদহারে কমানো হয়।
জুলাইয়ের মুদ্রানীতি বিবৃতিতে ডিসেম্বর ২০২৬ নাগাদ মূল্যস্ফীতি ৮ দশমিক ৯ শতাংশ এবং জুন ২০২৭ নাগাদ ৮ দশমিক ৬ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে উভয় পূর্বাভাসই সরকারের ২০২৬-২৭ অর্থবছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশের চেয়ে বেশি।
ত্রৈমাসিক মুদ্রানীতি বিবৃতি বাংলাদেশ ব্যাংককে মুদ্রাবাজারের পরিস্থিতি পুনর্মূল্যায়ন এবং মূল্যস্ফীতি, অর্থনৈতিক কর্মকাণ্ড ও বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নীতিগত অবস্থান সমন্বয়ের ক্ষেত্রে অধিকতর নমনীয়তা ও সক্ষমতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
ত্রৈমাসিক মুদ্রানীতি ব্যবস্থা চালুর ফলে মূল্যস্ফীতি, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংককে মুদ্রানীতির পরিস্থিতি পুনর্মূল্যায়ন এবং নীতিগত অবস্থান সমন্বয়ের ক্ষেত্রে আরও বেশি নমনীয়তা ও সক্ষমতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

