ভোট গণনায় বেশি সময় লাগতে পারে—এমন কথার আড়ালে জনগণের অধিকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি ভোটারদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রায় ২২ বছর পর তারেক রহমানের খুলনায় আসাকে কেন্দ্র করে আয়োজিত এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়। সভায় তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়, কিন্তু দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থে ওই রাজনৈতিক দলটি ধর্মকে ব্যবহার করছে।
তারেক রহমান আরও বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা কর্মজীবী নারীদের নিয়ে যে ভাষা ব্যবহার করেছেন, তা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হচ্ছে। নারীদের পেছনে রেখে যত বড় কথাই বলা হোক, কোনোভাবেই দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তার মতে, ওই দলটি ধর্মকে ব্যবহার করে সকাল-বিকেল মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে।
জনসভায় তারেক রহমান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং খুলনাবাসীর জন্য তার দলের উন্নয়ন পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

