নারী অধিকার, ধর্মীয় অপব্যাখ্যার প্রতিবাদ, অর্থনৈতিক উন্নয়ন এবং মেগা প্রজেক্ট নিয়ে বিএনপি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে বুধবার বরিশাল ও ফরিদপুর সফর শেষ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই সফর ছিলো, ঢাকা বাইরে তাঁর শেষ নির্বাচনী প্রচার অভিযান।
বরিশাল ও ফরিদপুর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে নারী ও পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তাদের ‘গুপ্ত সংগঠন’ এবং ‘নতুন জালেম’ হিসেবে অভিহিত করেন।
বরিশালের বেলস পার্কের জনসভায় তারেক রহমান বলেন, একটি ‘গুপ্ত দল’ ইসলামি রাজনীতির দোহাই দিয়ে নারীদের ঘরের মধ্যে আটকে রাখতে চায় এবং তাদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করছে।
এর প্রতিবাদে তিনি ইসলামের ইতিহাস থেকে উদাহরণ দিয়ে বলেন, বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং কর্মজীবী নারী। আইএ হজরত আয়েশা (রা.) বদরের যুদ্ধে সরাসরি নেতৃত্ব ও সেবা প্রদান করেছেন।
তিনি প্রশ্ন তোলেন, যেখানে নবীজির (সা.) স্ত্রীরা কর্মজীবী ছিলেন, সেখানে কোন সাহসে একটি দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে? তারেক রহমান ঘোষণা করেন, ক্ষমতায় এলে প্রতিটি গৃহিণী ও খেটে খাওয়া নারীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেয়া হবে যাতে তাঁরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
তারেক রহমান বলেন, বর্তমানে দেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে যারা ‘গুপ্ত সংগঠন’ হিসেবে পরিচিত। তিনি জনগণের উদ্দেশে প্রশ্ন করেন, আপনারা চেনেন কারা গুপ্ত?
তিনি অভিযোগ করেন, এই গোষ্ঠীর জনগণের প্রতি বা দেশের মা-বোনদের প্রতি কোনো শ্রদ্ধা নেই। বিগত ১৫ বছরের ‘নিশিরাতের ভোট’ ও ‘আমি-ডামির নির্বাচন’ থেকে দেশ মুক্ত হয়েছে উল্লেখ করে তিনি ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
উভয় জনসভায় তারেক রহমান স্থানীয় উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেন। ফরিদপুরের জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন যে, ক্ষমতায় এলে এই অঞ্চলে বিশাল পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। এটি শুকনা মৌসুমে চাষাবাদ ও পানির কষ্ট দূর করবে।
ফরিদপুর অঞ্চলে নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া এবং চরাঞ্চলের ভুট্টাচাষি ও পাটশিল্পকে আধুনিকায়নের আশ্বাস দেন তিনি। আর বরিশালের উন্নয়নে ভোলায় সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন এবং মৎস্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র করার প্রতিশ্রুতি দেন।
বরিশালের জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নুরসহ শীর্ষ নেতারা। অন্যদিকে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠের সভায় তারেক রহমান ওই অঞ্চলের ১৫টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান।
তারেক রহমান তাঁর বক্তব্যের শেষে বলেন, দেশ যদি গড়তে হয়, তবে প্রতিটি নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জবাবদিহিতা নিশ্চিত করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

